ইউক্রেনে আরও এক শ কোটি ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন কংগ্রেসে দেওয়া ভার্চ্যুয়াল ভাষণে আমেরিকার কাছে আরও অস্ত্র সাহায্য চাওয়ার পর হোয়াইট হাউজ থেকে বাইডেন এ ঘোষণা দিয়েছেন বলে পার্সটুডের খবরে বলা হয়েছে।
আমেরিকায় ইউক্রেনে যেসব অস্ত্র পাঠাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে- ভূমি থেকে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র জ্যাভলিন দুই হাজার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিংগার ৮০০টি, দুই কোটি রাউন্ড গোলাবারুদ, সাঁজোয়া যান বিধ্বংসী অস্ত্র ব্যবস্থা ৯ হাজার। এ ছাড়া ড্রোন, রাইফেল, পিস্তল, মেশিনগান, শটগান, রকেট ও গ্রেনেড লাঞ্চারও রয়েছে।
এ বিষয়ে বাইডেন বলেন, আমাদের মিত্রদেশগুলোকে ইউক্রেনে তাদের দেওয়া সহযোগিতা অভূতপূর্ব মাত্রায় নিয়ে যেতে হবে। আমরা আমাদের সহযোগিতা চালিয়ে যাব। ইউক্রেনে মর্মান্তিক ও অপ্রয়োজনীয় যুদ্ধের অবসানে আমরা যা করতে তার সব করার চেষ্টা করব। আমাদের মিত্রদেরও সহযোগিতা জোরদার করতে হবে।











