ইউক্রেন ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে ফোন করে তার সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে তাদের দুজনার মাঝে এ ফোনালাপ হয়।
এ সময় পুতিন ইউক্রেনের সঙ্গে তার দেশের সম্ভাব্য একটি শান্তি চুক্তির জন্য রাশিয়ার সুনির্দিষ্ট দাবিগুলো তুলে ধরেন।
তুরস্কের প্রেসিডেন্টের দফতরের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ফোনালাপে পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার আহ্বান জানান এরদোগান। এ ধরনের আলোচনার জন্য দুই নেতাকে আতিথ্য দিতে তুরস্কের আগ্রহী বলে জানান তিনি।
ফোনালাপে এরদোগান বলেন, বিদ্যমান সংকটে একটি স্থায়ী যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী সমাধানের পথ দেখাতে পারে। তবে কিছু বিষয়ে চুক্তি বা সমঝোতার জন্য দুই নেতার বৈঠকের প্রয়োজন হতে পারে।











