বংশাল থানার সামনে পুলিশ ভ্যান থেকে নামানোর সময় হেফাজতে থাকা ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) রাতে রাজধানীর বংশাল থানার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকা থেকে ইমন ও জুয়েল নামের দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। তাদের বংশাল থানায় নিয়ে গেলে পুলিশ ভ্যান থেকে নামানোর সময় ছিনতাইকারী ইমন এলোপাথাড়ি ছুরি চালাতে থাকে। এ সময় এএসআই কাজল ইসলাম, দুই কনস্টেবল সজীব ও নজরুল আহত হন। এদের মধ্যে কনস্টেবল নজরুলের অবস্থা আশঙ্কাজনক; তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এদিকে, পুলিশ সদস্যদের আহত করলেও দুই ছিনতাইকারী পালাতে পারেনি বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।











