ইরানের সঙ্গে যুদ্ধ এবং পোপ লিও ইস্যুতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে খোদ আমেরিকানদের মধ্যেই গভীর সংশয় তৈরি হয়েছে বলে রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক জনমত জরিপে উঠে এসেছে।
সোমবার (২১ এপ্রিল) শেষ হওয়া ছয় দিনব্যাপী এই জরিপে দেখা গেছে, ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমানে তার মেয়াদের সর্বনিম্ন ৩৬ শতাংশে নেমে এসেছে, যেখানে ৬২ শতাংশ মার্কিনি তার কর্মকাণ্ডের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ নেওয়ার পরপরই ট্রাম্পের জনপ্রিয়তা ছিল ৪৭ শতাংশ, যা এখন উল্লেখযোগ্যভাবে কমেছে।
জরিপে অংশগ্রহণকারী অর্ধেকেরও বেশি মার্কিনি মনে করেন, গত এক বছরে ট্রাম্পের মানসিক তীক্ষ্ণতা বা বুদ্ধিবৃত্তিক সক্ষমতা আগের চেয়ে খারাপ হয়েছে। এমনকি রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যেও এ নিয়ে বিভক্তি দেখা দিয়েছে। প্রায় ৪৬ শতাংশ রিপাবলিকান ট্রাম্পকে শান্ত মেজাজের মানুষ হিসেবে মানতে নারাজ।
ইরান যুদ্ধের কারণে আমেরিকায় জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের সক্ষমতার ওপর মানুষের আস্থা মাত্র ২৬ শতাংশে নেমে এসেছে। জরিপে দেখা গেছে, মাত্র ২৫ শতাংশ মার্কিনি বিশ্বাস করেন যে ইরানের ওপর হামলা আমেরিকাকে নিরাপদ করবে।
এছাড়া ন্যাটোর মতো আন্তর্জাতিক জোট থেকে বেরিয়ে যাওয়ার যে হুমকি ট্রাম্প দিয়েছেন, তাতেও সাধারণ মানুষের সমর্থন খুবই কম। মাত্র ১৬ শতাংশ নাগরিক ন্যাটো ত্যাগের পক্ষে মত দিয়েছেন।
সূত্র: রয়টার্স











