ইউক্রেনকে আরো ছয় হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) তিনি এ ঘোষণা দিতে চলেছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জি-৭, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে ইউক্রেনের সেনাবাহিনী ও পাইলটদের আরো তিন কোটি ৩০ লাখ ডলার সহায়তার ঘোষণাও দেবেন বরিস জনসন।
বিবিসি যেন ইউক্রেনীয় এবং রুশ ভাষার সেবা অব্যাহত রাখতে পারে, সেজন্য ৪১ লাখ ইউরো সহায়তা দেবে যুক্তরাজ্য সরকার।
বরিস জনসন বলেন, ইউক্রেনে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাজ্য তার মিত্রদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে। ইউক্রেনে রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনীয় বাহিনীর লড়াইয়ে প্রতিরক্ষা জোরালো করতে সহায়তা দেওয়া অব্যাহত রাখা হবে।











