ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার সঙ্গে পারমাণবিক উত্তেজনা কমাতে আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিএমবি) একটি পূর্বনির্ধারিত পরীক্ষা বাতিল করেছে আমেরিকা।
শুক্রবার (২ এপ্রিল) ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি বাতিল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিমান বাহিনী।
রাশিয়া নিজেদের পারমাণবিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার ঘোষণা দেওয়ার পর গত ২ মার্চ মিনুটেম্যান ৩ আইসিএমবি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বিলম্বিত করার ঘোষণা দেয় পেন্টাগন। ওই সময়ে ওয়াশিংটন জানায় ‘ভুল হিসাবের ঝুঁকি মনে রাখা এবং এসব ঝুঁকি কমাতে পদক্ষেপ নেওয়া’ আমেরিকা এবং রাশিয়া উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। ওই সময় পরীক্ষাটি কিছুটা বিলম্বিত করার ঘোষণা দেওয়া হলেও বাতিলের কোনও কথা বলা হয়নি।
মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র অ্যান স্টিফানেক জানিয়েছেন, যে কারণে এলজিএম-৩০জি মিনুটেম্যান ৩ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বিলম্বিত করা হয়, সেই একই কারণে পরীক্ষাটি বাতিল করা হয়েছে। মিনুটেম্যান ৩ ক্ষেপণাস্ত্রের পরবর্তী পরীক্ষার সূচি এই বছরের আরও পরের দিকে নির্ধারণ করা রয়েছে।











