রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল দখল করতে চায় বলে দাবি করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার (২ এপ্রিল) রাতে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এমনটা দাবি করেন।
জেলেনস্কি বলেন, রাশিয়ার সৈন্যদের লক্ষ্য কি? তারা (পূর্বাঞ্চলীয়) ডনবাস এবং ইউক্রেনের দক্ষিণাঞ্চল উভয়ই দখল করতে চায়। আমাদের লক্ষ্য কি? আমাদের নিজেদের, আমাদের স্বাধীনতা, আমাদের ভূখণ্ড এবং আমাদের মানুষকে রক্ষা করা।
রুশ সামরিক বাহিনীর হামলার পরও ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলকে রক্ষা করায় ইউক্রেনীয় বাহিনীর প্রশংসা করেন জেলেনস্কি। রুশ সেনাদের হাতে অবরুদ্ধ এই শহরটি কয়েক সপ্তাহের ভারী রাশিয়ান বোমা হামলায় কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে।
তিনি বলেন, মারিউপোল এবং ইউক্রেনের অন্যান্য শহরগুলোতে ইউক্রেনীয় যোদ্ধাদের শক্ত প্রতিরোধের ফলে কিয়েভ ‘অমূল্য সময়’ পেয়েছে এবং একইসঙ্গে যোদ্ধাদের প্রতিরোধ রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করতে সহায়তা করেছে।











