spot_img

আওয়ামী লীগ বিদেশিদের কাছে গিয়ে বাঁচতে চায়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এখন টিকে আছে অপকর্ম করে। বিদেশিদের কাছে গিয়ে তারা বাঁচতে চায়। একদিকে (র‌্যাবের ওপর) নিষেধাজ্ঞা পড়েছে, অন্যদিকে যে অপকর্ম করেছে সেগুলো প্রকাশ হয়ে পড়েছে বিশ্ববাসীর কাছে। সেই কারণে আজকে তারা এভাবে ধরনা দিচ্ছে বিদেশিদের কাছে।

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল পূর্বাণীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট: কোনো প্রতিকার নেই, দূষণ বেড়েই চলেছে, দেশের মানুষ বেঁচে আছে অসহায় অবস্থায়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, যখন নির্বাচন আসছে তখন আমেরিকার কাছে দৌড়াচ্ছে। আমেরিকা গিয়ে তাদের পররাষ্ট্র মন্ত্রীকে বলছে যে, বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার জন্য সাহায্য করেন। যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জিজ্ঞাসা করেছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রীকে- নির্বাচন কেমন করতে যাচ্ছেন আপনার, সেখানে কি বিরোধীদল আসছে? স্পষ্ট জিজ্ঞাসা করে বলেছেন যে, বিএনপিকে নির্বাচনে আনার জন্য আপনারা কী ব্যবস্থা করছেন? তখন তিনি (পররাষ্ট্রমন্ত্রী) বলেছেন যে আপনি আমাদেরকে সাহায্য করেন বিএনপিকে আনার জন্য। আর এই লোকগুলো সারাক্ষণ কথা বলতে থাকে যে আমরা নাকি বিদেশিদের কাছে ধরনা দেই, আমরা বিদেশিদের সাহায্য নিয়ে কাজ করি।

বিএনপি মহাসচিব বলেন, আজকে দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে গেছে, ভঙ্গুর হয়ে গেছে। আমরা সেটা লক্ষ্য করেছি করোনা সংক্রমণ যখন আসলো তখন। সেই সময়ে আমরা দেখলাম আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হওয়ার বিষয়টি। এর কারণ কী? এই সরকারের একটাই লক্ষ্য থাকে দুর্নীতি, কীভাবে টাকা বানানো যায়। সেজন্য কী করেছে? করোনা টেস্টের নাম করে টাকা বানিয়েছে তারা, বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকগুলোকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কীভাবে দুর্নীতি করেছে। আমরা দেখলাম তাদের সমর্থনপুষ্ট এক ব্যক্তিকে লাভবান করার জন্য ভারত থেকে যে ভ্যাকসিন আনা হলো তার দাম তিন/চারগুণ বেশি। শুধুমাত্র সরকারের মদদপুষ্টদের লাভবান করতে পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ