জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে চাকরিপ্রত্যাশীরা।
আগামীকাল শনিবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হবে।
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সভাপতি ইমতিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আমাদের দাবি মানা হয়নি, উল্টো মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হবে না বলে জানিয়েছেন। আমরা বেকার সমাজ তার এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বেকার সমাজের সঙ্গে প্রহসনের কারণে আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পদত্যাগ চাই। সেই দাবিতে শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছি। আশা করছি, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন। সরকারও আমাদের যৌক্তিক দাবি মনে নেবে।











