spot_img

‘হিজাব ও ইসলামধর্ম নিয়ে বিষবাষ্প ছড়িয়ে গোলযোগ বাধানোর চক্রান্ত শুরু হয়েছে’

দেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় হিজাব ও ইসলামধর্ম নিয়ে বিষবাষ্প ছড়িয়ে গোলযোগ বাধানোর চক্রান্ত শুরু হয়েছে। বিজ্ঞান শিক্ষার কৌশলে ইসলামের উপর আঘাত, মুসলিম ছাত্রীদের হিজাব পরায় বেত্রাঘাত, ঢাবি শিক্ষার্থীদের নামাজ নিয়ে বিরুপ মন্তব্য এভাবে ইসলামের বিধি বিধান নিয়ে দেশময় সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে। যা বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আমাদেরকে ভাবিয়ে তুলেছে।

আজ রবিবার (১০ এপ্রিল) বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তারবিয়াতের ৮ম দিনের আলোচনায় তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ইসলাম একটি কালজয়ী আদর্শ। ইসলাম নিয়ে বিগতদিনেও গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত হয়েছে, এখনও হচ্ছে। কিন্তু তাদের মূল টার্গেট ইসলাম কেন? ইসলামধর্ম, পর্দা, হিজাব, নামাজ নিয়ে ঠাট্রা-বিদ্রুপ বন্ধ হওয়া প্রয়োজন। কারা এভাবে সম্প্রীতি বিনষ্টে মাঠে নেমেছে, এগুলোকে পরিস্কার হওয়া প্রয়োজন। মাহে রমজানে কারা দেশকে উত্তপ্ত করতে চাচ্ছে। সরকারকে কঠোরহস্তে দমন করতে হবে। টিপ নিয়ে মন্তব্য করায় পুলিশ বরখাস্ত হতে পারলে ইসলামের বিধান হিজাব নিয়ে, ইসলাম নিয়ে অবমাননা করলে তাদেরও বিচার হওয়া প্রয়োজন।

তিনি বলেন, রমজান মাস ইবাদত বন্দেগী করে নিজেকে গড়ে তোলার মাস। কাজেই সকল প্রকার হিংসা বিদ্বেষ ছেড়ে নিজেকে গড়ে তুলতে না পারলে মাহে রমজান আমাদের জীবনে কোন উপকার আসবে না। মুসলমানের দ্বীন ও দুনিয়ার সমৃদ্ধি, পার্থিব ও আধ্যাত্মিক উন্নতি, দৈহিক ও মানবিক শ্রেষ্ঠত্ব আর গৌরব ও মর্যদার অবিস্মরণীয় স্মৃতি বয়ে নিয়ে আসে মাহে রমজান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ