রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ তুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইউক্রেনে গণহত্যা চালাচ্ছেন রাশিয়ার এই ‘একনায়ক’ প্রেসিডেন্ট।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল) আমেরিকার অভ্যন্তরীণ বাজারে জ্বালানির মূল্য নিয়ে আইওয়া অঙ্গরাজ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আইওয়া অঙ্গরাজ্যে মার্কিন অভ্যন্তরীণ বাজারে জ্বালানির ব্যয় সম্পর্কে কথা বলতে গিয়ে ইউক্রেনে বেসামরিক হত্যাকাণ্ডের বর্ণনা দেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রশাসনের অন্য যে কোনো সদস্যের চেয়ে এগিয়ে গেছেন প্রেসিডেন্ট বাইডেন। কারণ মার্কিন কর্মকর্তারা রাশিয়াকে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করলেও এখন পর্যন্ত এটিকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেনি।
যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান গ্যাসের দাম রোধ করার পরিকল্পনা সম্পর্কে মঙ্গলবার আইওয়াতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন, আপনার পারিবারিক বাজেট বা আপনার (গাড়ির) ট্যাংক পূরণ করার সক্ষমতা – এর কোনোটিই অর্ধেক পৃথিবী দূরে একজন স্বৈরশাসকের যুদ্ধ ঘোষণা এবং গণহত্যা করেছে কি না তার ওপর নির্ভর করা উচিত নয়।
রাশিয়ার সমারিক অভিযান শুরুর পর ইউক্রেনের ঘটনা বর্ণনা করতে এবারই প্রথম ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করেছেন বাইডেন। এর আগে পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করেছিলেন তিনি।
বিবিসি বলছে, নিজের ওই মন্তব্যের পর প্রেসিডেন্ট বাইডেন বলেন, (ইউক্রেনে) গণহত্যা সংঘটিত হয়েছে কি না তা নির্ধারণ আইনজীবীদের ওপর নির্ভর করবে। মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বক্তৃতার পর সাংবাদিকদের বলেন, এটি অবশ্যই আমার কাছে গণহত্যা বলে মনে হচ্ছে।











