ইমরান খানকে হটিয়ে ক্ষমতায় আসা শাহবাজ শরীফের আমলে প্রথমবারের মতো আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
শনিবার (১৬ এপ্রিল) আফগান টিভি চ্যানেল তুলো নিউজ এ খবর জানিয়েছে।
এতে বলা হয়েছে, আফগানিস্তানের কুনার প্রদেশের শালতান এবং খোস্ত প্রদেশের স্পেরা এলাকায় বিমান হামলা চালিয়েছে পাক সেনাবাহিনী।
স্থানীয়দের বরাত দিয়ে সূত্র দাবি করেছে, শুক্রবার রাতের হামলায় অন্তত পাঁচ শিশু ও এক নারী নিহত হয়েছেন। তবে পাকিস্তান ও আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
আফগান সীমান্তে বৃহস্পতিবারের এক হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর এই বিমান হামলার খবর এলো। বলা হচ্ছে, ৭ সেনা হত্যার প্রতিশোধ নিতেই আফগান ভূখণ্ডে বোমাবর্ষণ করেছে পাকিস্তান।











