spot_img
spot_img

নির্বাচনে বিপর্যয়ের পরও ‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’ বলল হোয়াইট হাউস

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের শোচনীয় ফলাফলের পরও কঠোর বার্তা দিয়েছে হোয়াইট হাউস। ডেমোক্র্যাটরা উল্লেখযোগ্য সাফল্য পেলেও ডোনাল্ড ট্রাম্পই এখনো আমেরিকার প্রেসিডেন্ট বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের একটি ছবি প্রকাশ করে হোয়াইট হাউস। ছবিতে লেখা ছিল, ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট।” এর সঙ্গে দেওয়া বার্তায় বলা হয়, “এই বিষয়ে আপনাদের মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।”

ডেমোক্র্যাটরা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাস, কানসাস, সাউথ ক্যারোলাইনা ও ওহাইওসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বড় ধরনের সাফল্য পাওয়ার পর এ বিবৃতি দেয় হোয়াইট হাউস।

মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারিত হয়। এবারের নির্বাচনকে ট্রাম্পের প্রেসিডেন্সির ওপর এক ধরনের গণরায় হিসেবে দেখা হচ্ছিল। নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটি এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ইরানে যুদ্ধ এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়কে রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের পেছনে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প স্বীকার করেছেন, ইরানের সঙ্গে সংঘাত নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে। বিশেষ করে জ্বালানির দামের ওপর এর প্রভাব ভোটের ফলাফলে ভূমিকা রেখেছে। তবে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের পক্ষেই অবস্থান নিয়েছেন তিনি।

পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, স্বল্পমেয়াদে এই সংঘাতের কারণে পেট্রোলের দাম বেড়েছে। তবে দীর্ঘমেয়াদে সামরিক পদক্ষেপ প্রয়োজনীয় ছিল বলে দাবি করেন তিনি।

এদিকে নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছেন ইরানের কর্মকর্তারা। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, আমেরিকার ভোটাররা যুদ্ধ প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, বিবেকের তাড়নায় হোক কিংবা জীবনযাত্রার ব্যয়ের চাপে, আমেরিকানরা যুদ্ধের বিরুদ্ধে ‘না’ বলেছে।

নির্বাচনী প্রচারণার জনসভাগুলো নিয়েও মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, তাঁর জনসভাগুলোতে যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছিল, তা রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থনে রূপ নেয়নি।

ট্রাম্প বলেন, তারা সেই ভালোবাসা অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারেনি।

ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে ইঙ্গিত দিলেও রাজনৈতিক অচলাবস্থা তৈরির বিষয়ে সতর্ক করেছেন ট্রাম্প। একই সঙ্গে ডেমোক্র্যাটদের আইন প্রণয়নের উদ্যোগ আটকে দিতে প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা ব্যবহারের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ