আমেরিকা থেকে সামরিক সহায়তার কিছু চালান ইউক্রেনে আসতে শুরু করেছে। চলতি সপ্তাহে ইউক্রেনকে ৮০ কোটি ডলারের অতিরিক্ত সামরিক সহায়তার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
রোববার (১৭ এপ্রিল) হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সিএনএন।
বাইডেন জানিয়েছিলেন যে, ইউক্রেনের পূর্বে রাশিয়ার প্রত্যাশিত আক্রমণ মোকাবিলার জন্য তৈরি করা নতুন অস্ত্র এই সামরিক সহায়তায় অন্তর্ভুক্ত থাকবে।
এর আগে ইউক্রেনে সামরিক সহায়তার বিষয়ে আমেরিকাকে সতর্ক করেছে রাশিয়া। ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ না করলে অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করা হয়।
মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, অত্যন্ত স্পর্শকাতর অস্ত্র-সরঞ্জাম ইউক্রেনকে দিয়ে সংঘাতে তেল ঢালা হচ্ছে, যা অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনতে পারে।
এদিকে নতুন সহায়তার আওতায় ইউক্রেনে দূরপাল্লার কামান, উপকূল প্রতিরক্ষা ড্রোন, ভারি সাঁজোয়া যান এবং ট্যাঙ্ক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা।











