spot_img

আওয়ামী কর্মীরা আধিপত্য বজায় রাখতে বেসামাল হয়ে উঠেছে: মির্জা ফখরুল

চট্টগ্রামের সাতকানিয়ায় শনিবার (১৬ এপ্রিল) লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ইফতার মাহফিলে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, চট্টগ্রামের সাতকানিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত ইফতার মাহফিলে আওয়ামী সন্ত্রাসীরা যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, তা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের আমলে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের আরও একটি ঘৃণ্য বহিঃপ্রকাশ। ধর্মীয় অনুষ্ঠানে এ ধরনের হামলা আবারও প্রমাণিত হলো- গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়েছে সরকারি দলের সন্ত্রাসীরা। তারা পুরো দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া ও বেসামাল হয়ে উঠেছে।

রোববার (১৭ এপ্রিল) বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপুর সই করা এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে আওয়ামী ফ্যাসিবাদ আরও ভয়ংকর রূপে আত্মপ্রকাশ করেছে। সরকার নিজেদের ব্যর্থ চেহারা ঢাকতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর সহিংস হামলার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। যেহেতু সরকারের জনসমর্থন ও গণভিত্তি নেই, তাই ক্ষমতায় টিকে থাকতে ফ্যাসিবাদী নীতিকেই অবলম্বন করেছে।

তিনি বলেন, চট্টগ্রামের সাতকানিয়ায় এলডিপির ইফতার মাহফিলে হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি ও আহত এলডিপি নেতার আশু সুস্থতা কামনা করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ