বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার কোনোদিনও শিক্ষা নেবে না। যদি নিতো, তাহলে গত ১০ বছরে শিখতো। শ্রীলঙ্কা নদীতে পড়েছে। এ সরকার বঙ্গোপসাগরে পড়বে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এক যৌথসভা শেষে মির্জা ফখরুল এ কথা বলেন।
‘বিএনপি নির্বাচনে যাবে’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদেরকে বিএনপির দায়িত্ব নিতে বলেন। তিনি কীভাবে অন্য একটি দলের বক্তব্য নিজে দেন?
বিএনপির মহাসচিব আরও বলেন, আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, বর্তমানে এ অবৈধ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এর মধ্যে ফাঁক-ফোকর অথবা কোনো কিন্তু নেই। এ সরকারকে যেতে হবে, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ একটি নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের সুযোগ ও পরিবেশ তৈরি হবে।










