সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দরকষাকষি করে কোনো লাভ নেই। দরকষাকষিতে সরকার সংবিধান থেকে নড়বে না।
এ সময় বিএনপিকে নির্বাচনে আসার অনুরোধ জানান কাদের।
আজ মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনগুলোর বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
ইভিএম নিয়ে আপত্তি কোথায় প্রশ্ন তুলে কাদের বিএনপির উদ্দেশে বলেন, পৃথিবীর বহু দেশে ইভিএম-এ নির্বাচন হচ্ছে। আপনারা কি নির্বাচনে কারচুপি করতে চান? কারচুপি-জালিয়াতি এড়ানোর জন্যই এই ইভিএম ব্যবস্থা হচ্ছে। এতে আপনাদের আপত্তি থাকবে কেন? পদত্যাগ কেন করতে হবে? কী কারণে? আমরা কি অন্যায় করেছি?
তিনি আরও বলেন, এ ধরনের কথা দেশের মানুষ ১৩ বছর ধরে শুনছে। গত নির্বাচনের সময় বিএনপি এবং তাদের জোটের হাঁকডাক শুনেছি। পানি ঘোলা করে অবশেষে তারা ডায়ালগে এসেছেন এবং নির্বাচনেও অংশ নিয়েছেন। এবারও সেই একই কথা নতুন করে বলছে। বিএনপি নেতারা ভালো করে জানেন, দলের অস্তিত্ব রক্ষায় তাদের আসতেই হবে। তাদের হাতে কোনো বিকল্প নেই।










