বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা এখন নার্ভাস হয়ে গেছেন। তিনি দেখতে পাচ্ছেন তার ক্ষমতার দিন শেষ। এখন সময় আছে পদত্যাগ করুন। নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।
সোমবার (২৩ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আমি নিন্দা ও ধিক্কার জানাই প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের জন্য। কোনো সভ্য এবং গণতান্ত্রিক সমাজে এই ধরনের ভাষা ব্যবহার করা যায় না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করার বড়াই করছেন দাবি করে মির্জা ফখরুল বলেন, পদ্মা সেতু আপনার একার না, আওয়ামী লীগের পৈত্রিক সম্পত্তি না। জনগণের ট্যাক্স কেটে নিয়েছেন, সেই টাকা দিয়ে করেছেন।
আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, প্রত্যেক দিন অর্থনীতিবিদরা বলছেন- বাংলাদেশের অর্থনীতি রসাতলে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধ্বংসের দিকে নিয়ে গেছে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, তাকে এখন যদি উন্নত চিকিৎসা দেওয়া না হয়, তাহলে তার জীবন হুমকি হয়ে দাঁড়াবে। আমরা বারবার বলেছি, তাকে মুক্তি দেন। তাই আজকে এখান থেকে দাঁড়িয়ে আহ্বান ও দাবি জানাতে চাই, এখনও সময় আছে তাকে মুক্তি দেন। বিদেশে যাওয়ার সুযোগ দেন। আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর যে মামলা আছে, তা তুলে নিন। যারা কারাগারে আছে তাদের মুক্তি দেন।










