সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোন, কুড়িগ্রামসহ দেশে বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ চরম কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। বন্যাদুর্গত এসব পানিবন্দী মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
আজ শুক্রবার (২৪ জুন) খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত তরবিয়তী মজলিসে প্রধান অতিথির আলোচনায় আহবান জানান তিনি।
তিনি বলেন, বন্যার কারণে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোন, কুড়িগ্রামসহ দেশে বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ চরম কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। পানিবন্দী এসব বন্যাদুর্গত মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে। সামর্থানুযায়ী সকলকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। বিপদের সময় দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসা আমাদের সকলের দায়িত্ব। খেলাফত মজলিস সংগঠনের সর্বস্তরের কর্মীদের অংশগ্রহণ, গণ কালেকশনের মাধ্যমে সীমিত সামর্থ নিয়ে দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছে।
অনুষ্ঠিত তরবিয়তী মজলিসে সভাপতিত্ব অধ্যাপক মাওলানা আজীজুল হক ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম।
এতে দারসে কুরআন ও বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, ঢাকামহানগরী দক্ষিণ সহসভাপতি মোঃ জহিরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহসভাপতি মোঃ জিল্লুর রহমান, সহসাধারণ সম্পাদক মোঃ আবুল হোসাইন, এইচএম হুমায়ুন কবীর আজাদ, মুহাম্মদ গিয়াস উদ্দিন, এডভোকেট শায়খুল ইসলাম, মুফতি হাফিজ আহমদ আমিনী প্রমুখ।











