পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফেরার পথে ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ নেতা আল আরাফি তামিম ট্রলারডুবিতে নিখোঁজ রয়েছেন।
আজ শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রলারডুবির এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শরিফুল ইসলাম, চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহাগ ও চরফ্যাশন উপজেলার যুবলীগ নেতা আসাদুজ্জামান খান মামুন আহত হয়েছে।
আহত আসাদুজ্জামান খান মামুন সেলফোনে জানান, তারা সকলেই চরফ্যাশন থেকে লঞ্চযোগে শনিবার পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রীর জনসভা শেষে জরুরি প্রয়োজনে ঢাকায় যাওয়ার জন্য জাজিরা থেকে মাওয়ার উদ্দেশে নদীপথে ট্রলার যোগে রওয়ানা হন। নদীর মাঝপথে হঠাৎ উত্তাল ঢেউয়ের মধ্যে ট্রলারটি মুহূর্তের মধ্যে উল্টে যায়। তাৎক্ষণিক নদীতে টহলরত স্থানীয় নৌ-বাহিনীর সহায়তায় তিন জনকে নদী থেকে উদ্ধার করতে পারলেও সাঁতার না জানা ছাত্রলীগ নেতা তামিম উত্তাল স্রোতে নদীতে তলিয়ে যায়। এরপর থেকে সে এখনও নিখোঁজ রয়েছে।










