বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন অভিযানের নামে সারা দেশে বেআইনি হত্যার হিড়িক পড়ে গেছে। আর এসব অভিযানে বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষকে বেছে বেছে হত্যা করা হয়েছে। গুম ও বিচারবহির্ভূত হত্যাই হচ্ছে শাসকগোষ্ঠীর প্রধান অস্ত্র।
জাতিসংঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল শনিবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের নির্যাতিত ব্যক্তি, গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে বলেন, যুগে যুগে মানুষ বিভিন্ন রাষ্ট্রের স্বৈরশাসক ও নিষ্ঠুর একনায়ক এবং একদলীয় শাসনের দ্বারা নির্যাতিত হয়েছে এবং এখনো হচ্ছে।
এখনো বিশ্বব্যাপী কোনো না কোনো অঞ্চলে ভাষা, বর্ণ, জাতি ও সম্প্রদায় নিয়ে সংঘাত চলছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংখ্যাগুরু সংখ্যালঘুর ওপর চালাচ্ছে নির্যাতন। রাজনৈতিক ভিন্নমতের ওপর অসহিষ্ণু শাসকরা চালাচ্ছে নির্দয় অত্যাচার।










