উজানে ভারী বৃষ্টির কারণে দেশের কিছু কিছু এলাকার বন্যা পরিস্থিতির আবার অবনতি ঘটতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আজ সোমবার (২৭ জুন) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, গত কয়েকদিন বৃষ্টির পরিমাণ কম হলেও আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে পারে। এ সময় স্বাভাবিকের চেয়ে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। এদিকে আজ দেশের ৫ জেলার ৬ নদীর ৭ পয়েন্টের পানি বিপৎসীমার ওপরে আছে। গতকালও একই অবস্থায় ছিল। তবে আগামী ২৩ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমার ওপরে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সেই হিসাবে দেশের কিছু কিছু এলাকায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, তিস্তা ছাড়া দেশের সব প্রধান নদ-নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।











