spot_img

ছেলে-মেয়ে হাত ধরাধরি করে হাঁটছে আর সিগারেট খাচ্ছে, এটি কোন শিক্ষা: প্রশ্ন কাজী ফিরোজ রশীদের

জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, হাতে কাপ আর সিগারেট। ছেলে-মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করছে আর সিগারেট খাচ্ছে। এটি কোন সংস্কৃতি, কোন শিক্ষা?

মাদরাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে দলীয় সংসদ সদস্য ফখরুল ইমামের সমালোচনার জবাবে ফিরোজ রশীদ বলেন, ধর্মীয় শিক্ষা নিয়ে তো কথা বাড়ানোর দরকার নেই। আধুনিক শিক্ষা বানাবেন, হাফপ্যান্ট আর গেঞ্জি পরিয়ে ছেড়ে দেবেন, এ দেশে এটা হবে না। এগুলো বাদ দিয়ে আসল শিক্ষায় আসুন।

বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অর্থ বরাদ্দের প্রস্তাবের ছাঁটাইয়ের আলোচনায় অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।

কাজী ফিরোজ রশীদ বলেন, আজ শিক্ষাপ্রতিষ্ঠানে কী হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী বলেছেন ডাক্তার, প্রকৌশলী বানাচ্ছি কিন্তু মানুষ বানাচ্ছি কতগুলো। দায়িত্ব তো তিনিও এড়াতে পারেন না। তিনি তো ঢাবির ভিসি ছিলেন, কিন্তু তার কোনো পাবলিকেশন-গবেষণা ছিল না। ডক্টরেট ডিগ্রি নেই, শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হয়েছিল। সমস্যাটা সেখানে। যখন যে দল ক্ষমতায় আসবে, সেই দলের শিক্ষকদের পদোন্নতি হবে। তাদের ছত্রছায়ায় এক শ্রেণীর ছাত্রনেতারা মাস্তান হয়ে যায়।

তিনি বলেন, নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লাঞ্ছিত, জুতার মালা দিয়ে তাকে ঘোরানো হয়েছে। সাভারে একজন শিক্ষককে হত্যা করা হয়েছে। হত্যাকারী কিশোর গ্যাংয়ের কাছে ‘দাদা’ বলে পরিচিত। পরিচালনা কমিটি তার আত্মীয়, আরেকজন শিক্ষক তাকে প্ররোচিত করেছেন, যে শিক্ষক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। শিক্ষার জায়গাটা নষ্ট হয়ে গেছে। শিক্ষার পরিবেশ দারুণভাবে বিঘ্নিত হচ্ছে।

তিনি বলেন, শুধু শিক্ষার মান নয়, নৈতিকতাও কমেছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকেও শক্ত হতে হবে। এখন যাদের হাতে শিক্ষাপ্রতিষ্ঠান গেছে, তাদের না আছে শিক্ষা, না আছে দীক্ষা। তারা শুধু বুঝে কীভাবে কর্মচারী নিয়োগ দিয়ে অর্থ হাতিয়ে নেবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ