ভোটিং মেশিন ইভিএম একটি নিকৃষ্ট যন্ত্র বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদার।
মঙ্গলবার ( দুপুরে রাজধানীর সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, আমার কাছে বড় প্রশ্ন নির্বাচন কমিশনের সক্ষমতা। নির্বাচন কমিশন তাদের সক্ষমতা প্রদর্শন করে আইন-কানুন বিধি-বিধান প্রয়োগের মাধ্যমে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দেখা গেছে, চুনোপুঁটিদের ক্ষেত্রে তারা আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আইন প্রয়োগ করেছে, রাঘব বোয়ালদের ক্ষেত্রে তারা আইন প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে। তারা আত্মসমর্পণ করেছে। নির্বাচন কমিশন যদি আত্মসমর্পণ করে, তাহলে নাগরিকরা যাবে কোথায়। আমাদের প্রধান নির্বাচন কমিশনার এবং অনান্য কমিশনার কতগুলো বিষয়ে পরস্পরবিরোধী এবং অসংলগ্ন বক্তব্য দিয়েছেন। এর মাধ্যমে নির্বাচন কমিশন তাদের শপথ ভঙ্গ করেছেন বলে আমাদের আশঙ্কা।
তিনি আরও বলেন, ইভিএম যদি মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে, সেই ইভিএম ব্যবহারের যৌক্তিকতা কি? ২০১৭ সালে কুমিল্লায় পেপার ব্যালটে ভোট পড়েছিল ৬৪ শতাংশ। এবারে সেখানে ভোট পড়েছে ৫৯ শতাংশ। ইভিএমে ভোট দিতে গিয়ে, বায়োমেট্রিক ছাপ না মেলায় অনেকে বিরক্ত হয়ে চলে গেছে। এখানে ইভিএম মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে।










