গুলিবিদ্ধ হয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। তার অবস্থা সংকটাপন্ন।
শুক্রবার (৮ জুলাই) সকালে পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় প্রভাবশালী পত্রিকা ‘দ্য জাপান টাইমস’।
তিনি বুকে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সংবাদ মাধ্যম ‘দ্য আসাহি শিম্বুন’ জানিয়েছে, এ ঘটনায় ৪১ বছর বয়সী একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে নারা শহরের কিনটেটসু লাইন এলাকার ইয়ামাতো সাইদাইজি স্টেশনের সামনে প্রচার কর্মসূচিতে বক্তব্য দিচ্ছিলেন শিনজো আবে। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরপর দুইবার গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতলে নেওয়া হয়।











