তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অষ্ট্রেলিয়াতে নাকি ১০ ঘণ্টা বা কোথাও কোথাও ১৫ থেকে ১৮ ঘণ্টা লোডশেডিং হয়। অষ্ট্রেলিয়া থেকে প্রায় সাড়ে সাত হাজার মাইল দূরে বাংলাদেশের এই মন্ত্রী এই উদ্ভট খবরটি পেলেন কী করে?
আজ মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সত্যি বিস্ময়কর যে, এই অবৈধ আওয়ামী সরকার বাংলাদেশকে ‘আবোল-তাবোলের’ দেশ বানাতে চাচ্ছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। আওয়ামী সরকারের মন্ত্রী ও নেতাদের কথাবার্তা শুনে মনে হয়, এরা জন্মগতভাবেই মিথ্যেবাদী একটি রাজনৈতিক দল। অসত্য কথা, মিথ্যাচার, অপবাদ, কুরুচিপূর্ণ কথার আন্তর্জাতিক প্রতিযোগিতা হলে সেখানে আওয়ামী লীগ চ্যাম্পিয়ান হবে।
রুহুল কবির রিজভী বলেন, একটি উন্নত গণতান্ত্রিক সুপরিচিত দেশ অষ্ট্রেলিয়া। অষ্ট্রেলিয়ায় বিদ্যুৎ কত ঘণ্টা থাকে না থাকে এটা বিশ্ববাসী জানে। আওয়ামী মন্ত্রীরা এ ধরনের টাটকা মিথ্যা কথা বলছে শুধুমাত্র বাংলাদেশের জনগণকে প্রতারণা করার জন্য। বর্তমান ভয়াবহ লোডশেডিংকে জায়েজ করার জন্য হরেক কিসিমের প্রতারণামূলক কথাবার্তা বলছেন আওয়ামী মন্ত্রীরা।
সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম, সদস্য সচিব হাজী মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।










