spot_img

সরকারের পতনের সাইরেন বাজতে শুরু করেছে, পতন এখন অতি সন্নিকটে : মির্জা ফখরুল

সরকার পতনের সাইরেন বাজতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এই সরকারের পতনের সাইরেন বাজতে শুরু করেছে। জনগণের সম্মিলিত শক্তির কাছে এই সরকারের পতন এখন অতি সন্নিকটে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির কর্মসূচির কথা শুনলেই আওয়ামী লীগ ও তাদের প্রশাসন বিচলিত হয়ে পড়ে। মনে হয় তাদের পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করেছে। গণতন্ত্রকে উচ্ছেদ করে অবৈধ ক্ষমতা ধরে রাখতে এই সরকার নানা ধরনের সর্বনাশা সহিংস পন্থা অবলম্বন করেছে। এমনকি পবিত্র ঈদের আগে ও পরে আওয়ামী সন্ত্রাসের কর্মকাণ্ড স্তিমিত হয়নি। প্রচণ্ড বেগে গণবিক্ষোভের বিস্ফোরণকে ঠেকানোর জন্যই দলীয় চেতনায় সাজানো প্রশাসন ও আওয়ামী সন্ত্রাসীদেরকে অবৈধ অস্ত্র দিয়ে মাঠে নামানো হয়েছে।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বৃহস্পতিবার রাজশাহী জেলাধীন বাগমারা উপজেলায় খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এক দোয়া মাহফিলের আয়োজন করার উদ্যোগ নিলে পুলিশ নারকীয় কায়দায় সেখানে আক্রমণ করে। এর আগের দিন বুধবার ময়মনসিংহ জেলাধীন পাগলা থানায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ