শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নির্বাচনকালীন সরকারই হচ্ছে মূল বিষয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, সেটা আমরা দেখেছি।
রোববার (১৭ জুন) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, বাংলাদেশের প্রধান সংকট গণতন্ত্রহীনতা। নির্বাচনী ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে আওয়ামী লীগ।
বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশনের সংলাপে গেলেই বা কী, আর না গেলেই বা কী? এই নির্বাচন কমিশনের (ইসি) কোনো ক্ষমতাই নেই। তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না।
নড়াইলের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, এটা এদেশে কোনোভাবেই কাম্য নয়।










