আজ রোববার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ২০টি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যের মসনদে কে বসবে।
নানা নাটকীয় ঘটনার পর গত ৩০ এপ্রিল থেকে পাঞ্জাবের ক্ষমতায় আছে পাকিস্তান মুসলিম লীগ (এন)। মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ শরিফ।
তবে তাকে আগামী দিনে ক্ষমতায় থাকলে হলে এই ২০টি আসনের মধ্যে অন্তত ১০টিতে জয়ী হতে হবে।
আর ক্ষমতায় ফিরতে হলে ইমরান খানের তেহরিকে ইনসাফকে অন্তত ১৩টিতে আসনে জয়ী হতে হবে।
বিশ্লেষকেরা বলছেন, প্রতিটি আসনেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। উভয় দলই আসনগুলো লাভের জন্য ব্যাপক প্রয়াস চালাচ্ছে।
হামজা শাহবাজ মুখ্যমন্ত্রী হয়েছিলেন পিটিআইয়ের ২৫ জন এমপিএর সমর্থন নিয়ে। এদের মধ্যে ২০ জন সরাসরি নির্বাচিত সদস্য, বাকি পাঁচজন ছিলেন সংরক্ষিত আসনের। তারা দলীয় নির্দেশ অমান্য করে হামজা শাহবাজকে ভোট দিয়েছিলেন।
দলীয় নির্দেশ অমান্য করায় আদালত তাদের এমপি পদ বাতিল করে দেয়। আজ সেইসব আসনগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র : ডেইলি জং, দুনিয়া নিউজ











