spot_img

বাসা-বাড়িতে এডিসের লার্ভা পেলেই মামলা : মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বাসা-বাড়ি ও যে কোন ভবনে এডিসের লার্ভা পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে, নিয়মিত মামলা ও জরিমানা করা হবে।

আজ বুধবার (২০ জুলাই) খিলবাড়িরটেক এলাকায় ডেঙ্গু বিরোধী সচেতনতামূলক প্রচার অভিযানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মেয়র বলেন, সিটি কর্পোরেশন নিয়মিত ডেঙ্গু বিরোধী সচেতনতামূলক প্রচারনা চালাচ্ছে। ড্রোন ব্যবহার করে ছাদে জমে থাকা পানি ও মশার প্রজননক্ষেত্র খুঁজে বের করা হচ্ছে। এরপরও বাসা-বাড়ি ও যেকোনো ভবনে এডিসের লার্ভা পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নিয়মিত মামলা ও জরিমানা করা হবে।

তিনি বলেন, বর্তমানে চলমান আবহাওয়ায় ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রায়ই বৃষ্টি হচ্ছে এবং পরক্ষণেই রোদ হচ্ছে। এমন আবহাওয়ায় এডিস মশা বেড়ে যায়। তাই আমি জনগণকে আহ্বান করছি আপনারা এই সময়টায় অনেক বেশি সতর্ক থাকুন।

তিনি আরও বলেন, দশটায় দশ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসা-বাড়ি করি পরিষ্কার। সবাইকে খেয়াল রাখতে হবে বাড়ির ছাদে, আঙিনায়, ফুলের টবে যেন পানি না জমে। জমে থাকা পানিতেই এডিসের লার্ভার জন্ম হয়। এ বিষয়ে সতর্ক থাকতে হবে সবাইকে।

-সূত্র বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ