spot_img

বিএনপির স্বপ্ন পূরণ হবে না : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপিসহ সরকার বিরোধীরা দেশে খাদ্য সংকট হবে বলে দিবাস্বপ্ন দেখছে। তাদের সে স্বপ্ন পূরণ হবে না। দেশে খাদ্য সংকট হবে না, আর শ্রীলঙ্কার মতোও হবে না।

আজ রোববার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর খামারবাড়িতে বিএআরসি মিলনায়তনে বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন (বিএসএ) আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি অতীতে জ্বালাও পোড়াও করে আন্দোলন করেছে, মানুষ হত্যা করেছে, পাওয়ার প্লান্টে আগুন দিয়েছে, রেললাইন তুলে নিছে, জানমালের ক্ষতি করেছে—সেরকম আন্দোলন আর এদেশে হবে না। বর্তমান সরকার নির্বাচিত সরকার, বৈধ সরকার। মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।

তিনি বলেন, আমরা চালের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছি। সেজন্য ব্রি-২৮সহ পুরোনো জাতের ধানের পরিবর্তে নতুন উদ্ভাবিত বেশি উৎপাদনশীল জাত চাষ করতে হবে। ব্রি নতুন নতুন জাত নিয়ে এসেছে। ব্রি-ধান ৮৯, ৯২, ১০০সহ নতুন জাতগুলো প্রতি বিঘায় ৩০ মণের বেশি উৎপাদিত হয়। বিঘাতে ২০ মণের জায়গায় যদি ৩০ মণ হয়, এটি বিরাট বিপ্লব। এ বিষয়ে সবার একত্রে কাজ করতে হবে, যাতে কৃষকের কাছে দ্রুত জাতগুলো পৌঁছায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ