পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশ ও র্যাব সদস্যরা বেতনের জন্য না, দেশের টানে কাজ করেন।
শুক্রবার (২৯ জুলাই) অপারেশন সুন্দরবন সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, র্যাব বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে গঠিত একটি চৌকস বাহিনী। দেড় যুগ ধরে এই বাহিনী অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার সঙ্গে দেশের জঙ্গি, চরমপন্থি, সন্ত্রাস, মাদক চোরাচালান ও অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সাফল্যের সঙ্গে নিয়ন্ত্রণ করে আসছে। আমাদের ভুরি ভুরি সাফল্যের মধ্যে অন্যতম বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনকে দস্যুমুক্ত করা। র্যাবের সদস্যরা যে জীবন বাজি রেখে মানুষের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞা ছিল তাই প্রতীয়মান হয়েছে। আমাদের র্যাব সদস্যরা আসল হিরো।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সুন্দরবনকে দস্যুমুক্ত করেছি। সুন্দরবনে সুষ্ঠু ও শান্তির পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে।










