spot_img
spot_img

রাশিয়ার বিরুদ্ধে সামরিক কৌশল ফাঁস; অসন্তোষ প্রকাশ জেলেনস্কির

রাশিয়াকে মোকাবিলায় ইউক্রেনের সামরিক কৌশল ফাঁস হওয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর তাই নিজেদের সামরিক কৌশল প্রকাশ না করতে এবং একইসঙ্গে এ বিষয়ে কর্মকর্তাদের চুপ থাকতেও নির্দেশ দিয়েছেন তিনি।এছাড়া সামরিক কৌশল ফাঁসে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করতে তদন্তও শুরু করেছে দেশটি।

শুক্রবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের সামরিক কৌশল সম্পর্কে সাংবাদিকদের সাথে কথা বলা বন্ধ করতে বৃহস্পতিবার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সামরিক কৌশল নিয়ে বাইরে মন্তব্য করা ‘স্পষ্টতই দায়িত্বজ্ঞানহীন’ বলেও উল্লেখ করেছেন পূর্ব ইউরোপের এই দেশটির প্রেসিডেন্ট।

রয়টার্স বলছে, গত মঙ্গলবার রুশ অধিকৃত ক্রিমিয়ায় একটি রাশিয়ান বিমান ঘাঁটিতে বিস্ফোরণের পর মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট অজ্ঞাতপরিচয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, ইউক্রেনীয় বাহিনী এই বিস্ফোরণের পেছনে রয়েছে। অন্যদিকে ইউক্রেন এই বিস্ফোরণের পেছনে জড়িত কি না তা বলতে অস্বীকৃতি জানায় কিয়েভের সরকার।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যুদ্ধের সময় অবশ্যই অহংকার এবং উচ্চস্বরে বিবৃতি দেওয়া যাবে না। আপনি আমাদের প্রতিরক্ষা পরিকল্পনা সম্পর্কে যত কম তথ্য প্রকাশ করবেন, সেই প্রতিরক্ষা পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য এটি তত ভালো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ