ভারতের প্রখ্যাত আলেম, আওলাদে রাসূল সা: মাওলানা সাইয়েদ মাহমুদ হাসান হাসানি নদভী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (১২ আগস্ট) জুমার নামাজের আগে তিনি ইন্তেকাল করেন বলে উর্দু সংবাদমাধ্যম আল-হেলাল নিশ্চিত করেছে।
ফিকর ও খবর নামের আরেকটি উর্দু সংবাদমাধ্যম জানায়, সাইয়েদ মাহমুদ হাসান নদভী দীর্ঘ দিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। দু’দিন আগে তার অবস্থার অবনতি হয়। অবেশেষে শুক্রবার তিনি ইন্তেকাল করেন।
সূত্র জানায়, জুমার নামাজের পর অসংখ্য মুসল্লির উপস্থিতিতে উপমহাদেশের প্রখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম নদওয়াতুল ওলামা-লক্ষ্মৌতে শায়খের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজাটি হয় রায়বেরেলির তাকিয়া কালানে এবং সেখানেই তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, মাওলানা সাইয়েদ মাহমুদ হাসান হাসানি নদভী দারুল উলুম নদওয়াতুল ওলামা থেকে প্রকাশিত পাক্ষিক তামিরে হায়াতের উপ-সম্পাদক ছিলেন। একইসাথে চিন্তাবিদ ও দার্শনিক আলেম হিসেবে তার বিশেষ সুপরিচিতি ছিল এবং ভারতের অন্যতম দার্শনিক আলেম শায়খ আবুল হাসান আলী নদভীর প্রপৌত্র ছিলেন তিনি।











