আন্তর্জাতিক ডেস্ক: উত্তেজনার মাঝেই আবারো তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে চীনের যুদ্ধবিমান। রোববার ১১টি চীনা সামরিক বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে বলে অভিযোগ করেছে তাইপে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিং তাইওয়ানের দ্বীপগুলোর কাছাকাছি সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা একদিনে চীনের ১১টি যুদ্ধাবিমান শনাক্ত করেছে, যা সীমান্তরেখা অতিক্রম করেছে। তাইওয়ান বিষয়টিকে উসকানি হিসেবে দেখছে।
এদিকে, পেলোসির সেই সফরের পর দুই সপ্তাহ পার না হতেই এবার তাইওয়ান সফরে গেছেন মার্কিন আইনপ্রণেতাদের একটি প্রতিনিধি দল।
রোববার (১৪ই আগস্ট) দুই দিনের সফরে ভূখণ্ডটিতে পৌঁছান তারা। ধারণা করা হচ্ছে এ কারণেই চীন আবারো তাদের সামরিক কার্যক্রম বাড়িয়েছে প্রণালিটি ঘিরে।
এর আগে গত মে মাসে তাইওয়ানের আকাশে চীনের ৩০টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করে। তাইওয়ানের পক্ষ থেকে সে সময় জানানো হয়েছে যে, তাদের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনের এসব যুদ্ধবিমানকে সতর্ক করতে তারাও যুদ্ধবিমান মোতায়েন করেছে। গত জানুয়ারির পর এটাই ছিল চীনের সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবিমান অনুপ্রবেশের ঘটনা।











