ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২১ জন নিহত ও অনেকে আহত হয়েছে। নিহতদের মধ্যে ওই মসজিদের ইমামও আছেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত এশার নামাজের সময়।
কাবুলের ইমার্জেন্সি হাসপাতাল টুইটারে জানিয়েছে যে তারা বিস্ফোরণে আহত ২৭ জন রোগীকে পেয়েছে, যার মধ্যে একটি সাত বছরের শিশুও রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেছেন যে শক্তিশালী বিস্ফোরণটি উত্তর কাবুলের একটি আশেপাশে শোনা গেছে, বিস্ফোরণের তীব্রতা এত ছিল যে আশেপাশের ভবনগুলো কেঁপে উঠে। ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুল্যান্স পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রয়টার্সকে বলেছেন, ‘একটি মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে অনেক হতাহত হয়েছে, তবে সংখ্যা এখনও পরিষ্কার নয়।’
এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি।











