ফিনল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার যুদ্ধবিমান অনুপ্রবেশের অভিযোগ তুলেছে হেলসিংকি। ফিনল্যান্ড দাবি করেছে, দুটি রুশ মিগ–৩১ যুদ্ধবিমান ফিনল্যান্ড উপসাগরের উপকূলবর্তী শহর পোরভোর আকাশসীমায় অনুপ্রবেশ করে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। খবর আল–জাজিরা।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। রুশ যুদ্ধবিমানের অনুপ্রবেশের কথা জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যোগাযোগ বিষয়ক প্রধান ক্রিস্টিয়ান ভাক্কুরি বলেন, যুদ্ধবিমান দুটি পশ্চিমে অগ্রসর হচ্ছিল। ফিনল্যান্ডের আকাশসীমায় রুশ যুদ্ধবিমান দুই মিনিট অবস্থান করেছিল বলেও জানিয়েছেন তিনি।
ক্রিস্টিয়ান ভাক্কুরি বলেন, রাশিয়ার যুদ্ধবিমান দুটি ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে এক কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছিল। তবে রাশিয়ার যুদ্ধবিমান স্বেচ্ছায় ফিনল্যান্ডের আকাশসীমা ছেড়ে যায় নাকি ফিনল্যান্ডের সামরিক বাহিনী যুদ্ধবিমান দুটিকে পিছু হটতে বাধ্য করে সেটা নিশ্চিত করেননি ক্রিস্টিয়ান ভাক্কুরি।











