spot_img
spot_img

চা শ্রমিকরা অসহায়, মজুরি বৃদ্ধি মানবিকতার সাথে বিবেচনা করুন : হানিফ

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি সহানুভূতি ও মানবিকতার সাথে বিবেচনা করার জন্য চা বাগান মালিকদের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

তিনি বলেন, সিলেট অঞ্চলে কাজ করা চা শ্রমিকরা অনেক দরিদ্র এবং অসহায়। তারা মজুরি বৃদ্ধির জন্য দাবি জানাচ্ছেন। চা বাগানের মালিকদের অনুরোধ করেছি, আপনাদের চা শিল্পে যারা কাজ করে তাদের মজুরি সহানুভূতি ও মানবিকতার সাথে বিবেচনা করুন। যতটুকু পারন আপনারা তাদের সাথে বসে ঠিক করুন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় সিলেটের দক্ষিণ সুরমায় দক্ষিণ ময়ূরকুঞ্জ কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, আমি খুব হতাশ হয়েছি চা বাগানের শ্রমিকরা এখনো কাজে যোগ দেননি। আমি মনে করি মজুরি বৃদ্ধির বিষয়টি সহানুভূতি ও মানবিকাতর সাথে বিবেচনা করলে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেবে এবং কাজ করে শিল্পকে অব্যাহত রাখবে।

তিনি বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া দল। প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছি। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আমরা সবাইকে নিয়ে উন্নত বাংলাদেশ গড়তে চাই। তাই দুঃখ-দুর্দশায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ