ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দেশে মাদকের অবাধ বিস্তারে আওয়ামী লীগ সরকার মাদক বিধিমালা আইন করে মাদকের পক্ষে তাদের অবস্থান পরিষ্কার করেছে। এই সরকার দেশ পরিচালনার যোগ্যতা হারিয়েছে, তারা জাতির সাথে ভারসাম্যহীন আচরণ করছে৷
আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন আয়োজিত মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দেশে বর্তমানে মাদকসেবীর সংখ্যা অন্তত দেড় কোটি। এদের ৮০ শতাংশ হচ্ছে যুবক। এমতাবস্থায় মাদক বিধিমালা ২০২২ মাদকাসক্তিকে আরও উসকে দেবে বলে মন্তব্য করেন তিনি এবং অবিলম্বে এই আইন বাতিল চেয়ে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেন।
এছাড়াও চরমোনাই পীর সরকারের দূর্নীতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বেসামাল উর্ধ্বগতি নিয়ে আওয়ামী সরকারকে দূর্নীতির বরপুত্র আখ্যা দিয়ে বলেন, সরকারের লাগামহীন দূর্নীতি দেশকে দুর্ভিক্ষের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে ইসলামী হুকুমত কায়েমের বিকল্প নাই।
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথির আলোচনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, এবি পার্টি যুগ্ম আহবায়ক এডভোকেট তাজুল ইসলাম, জাগপা-এর ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও মুহা. আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলন এর সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু, যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, এবি যুব পার্টির সিনিয়র যুগ্ম আহস্বায়ক এম ইলিয়াছ আলী।










