আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, দেশে আর কোনদিন তত্ত্ববধায়ক সরকার আশার কোন সুযোগ নেই, নির্বাচন কমিশনের অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে, সরকার শুধু নিয়মিত দায়িত্ব পালন করে সহযোগিতা করবে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরে প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ে বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, জনগণ নিয়ে আন্দোলন করলে ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন নাশকতা না করলে কিংবা কোন ধরনের সন্ত্রাস না করে আন্দোলন করলে কাউকে গ্রেফতার করা হবে না। পুলিশের উপর আক্রমণ করা হলে পুলিশ আত্মরক্ষাকে অ্যাকশনে যাবে এটাই স্বাভাবিক। পুলিশ জনগণের, সরকারের না। প্রধানমন্ত্রী বলার পরেও যদি বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস ও নাশকতা করেন তাহলে পুলিশ দেশ ও জনগণকে রক্ষা করবে।
তিন বলেন, বিএনপি আন্দোলনের মধ্যে আগামী নির্বাচনে একটি পরিস্থিতি সৃষ্টি করতে চান। নির্বাচন যাতে বানচাল হয়, তারা (বিএনপি) বার বার বলছে নির্বাচন হতে দিবে না। বিএনপি এমন চেষ্টা করেছিল ২০১৪ ও ২০১৮ সালে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে, পারেনি। এবারো একই কথা বলছেন, তত্ত্ববধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দিবে না।
সূত্র: বাসস










