আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশে আবার লাশ নিয়ে রাজনীতি শুরু হয়েছে। বিএনপি নেতারা বলছেন- নারায়ণগঞ্জে যুবদল কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছে। কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে দেখা গেছে, তার শরীরে গুলির চিহ্ন নেই। বরং তার শরীরে একাধিক ক্ষতচিহ্ন আছে। এ ঘটনা নতুন করে সন্দেহের তৈরি করেছে।
আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর পূবালী ব্যাংক অডিটোরিয়ামে পূবালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষেধ করছেন। জনগণ আতঙ্কিত হয় আপনারা (বিএনপি) এমন কাজ করবেন, আন্দোলনের নামে হাতে লোহার রড নিয়ে তাণ্ডব করবেন, এসব বরদাশত করা হবে না। কারণ, জানমালের নিরাপত্তা দেওয়াও সরকারের দায়িত্ব।
তিনি বলেন, তারেক রহমান লন্ডনে বসে দেশের রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করতে চাচ্ছে। এগুলো করে পার পাওয়া যাবে না। দুর্নীতি, সন্ত্রাস ও হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক তারেক পালিয়ে থেকে রেহেই পাবে না। দেশে যখনই আসবে তাকে শাস্তি পেতে হবে
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া পাপের শাস্তি পাচ্ছেন। পাপ বাপকেও ছাড়ে না। আল্লাহ বলেছেন, পাপ করলে ইহকাল ও পরকালে শাস্তি ভোগ করতে হয়। আর তার বড় প্রমাণ খালেদা জিয়া। উনি সাবেক প্রধানমন্ত্রী, উনি কেন জেলখানায় থাকবেন? ক্ষমতায় থাকতে নির্বিচারে মানুষ হত্যা করেছেন। উনার নির্দেশে নিরীহ, নিরপরাধ মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। গ্যাটকো-নাইকো মামলায় অনেক তথ্য প্রমাণ আছে। আমি জানি না, উনার বাকি জীবন কোথায় কাটবে।










