জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহাম্মদ (জিএম) কাদেরের মোবাইলফোন ছিনতাই হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে রাজধানীর বিমানবন্দর এলাকায় গাড়ির জানালা খুলে হাতে মোবাইল নিয়ে কাজ করছিলেন জিএম কাদের। এসময় হঠাৎ এক ছিনতাইকারী তার মোবাইল ফোনটি ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে যান।
তবে জিএম কাদেরের মোবাইল ছিনতাইয়ের ঘটনার তিনদিন পার হলেও তা উদ্ধার করা যায়নি। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে গত বছরের ৩০ মে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ছিনতাই হয়। ছিনতাইকারী মন্ত্রীর গাড়ির খোলা জানালা দিয়ে তার হাত থেকে ফোনটি নিয়ে উধাও হয়। প্রায় দেড় মাস পর পরিকল্পনামন্ত্রীর মোবাইলটি উদ্ধার করা হয়।











