ইভিএম নিয়ে কোনোভাবেই রাজনৈতিক সঙ্কট প্রকট হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, আমরা বরং রাজনৈতিক পরিমণ্ডলে যে সঙ্কটগুলো দেখছি সে সঙ্কটটা ইভিএম নিয়ে নয়, আরও মোটা দাগের সঙ্কট। আমরা আশা করি, দোয়া করি এ সঙ্কটগুলো কেটে যাক। কেটে গিয়ে যদি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে ফায়সালা হয় সব ভোট ব্যালটে হবে, হান্ড্রেট পার্সেন্ট সমঝোতায় হয় অসুবিধা কি। তখন আমরা সিদ্ধান্ত নেবো, সব দল যখন নির্বাচনে আসছে তাহলে সেটা ভালো উদ্যোগ।
বুধবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের নিজ কাযালয়ে ৩৯ নাগরিকের বিবৃতির পর সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান তিনি।
রাজনৈতিক ঐকমত্য ছাড়াই নির্বাচন কমিশন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে গতকাল মঙ্গলবার বিবৃতিতে বিশিষ্টজনরা বলেন, আমরা মনে করি, কমিশনের এ সিদ্ধান্ত অযৌক্তিক। এটি রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দেবে এবং কমিশনের বর্তমান আস্থার সংকটকে আরও প্রকট করে তুলবে।
এ বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, রাজনৈতিক সঙ্কট হতে পারে-এটা আমি জানি না। ইভিএম নিয়ে যদি কোনো রাজনৈতিক সঙ্কট হয়, তবে সঙ্কট মোকাবেলার ব্যবস্থা নিতে হবে। আমরা ইভিএম নিয়ে কোনো সঙ্কট দেখছি না। ইভিএম নিয়ে রাজনৈতিক সঙ্কট প্রকট হবে না।










