যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার অবকাশ যাপন কেন্দ্র মার-এ-লাগো থেকে ভয়াবহ স্পর্শকাতর ও গোপন ডকুমেন্ট উদ্ধারের দাবি করেছে এফবিআই। তারা বলেছে, এসব ডকুমেন্টের মধ্যে আছে বিদেশি পারমাণবিক গোপন নথি। বিশ্বের মাত্র কয়েক ডজন মানুষ এ বিষয়ে জানেন। মঙ্গলবার ওয়াশিংটন পোস্টে এ বিষয়ে রিপোর্ট প্রকাশ হয়েছে। তবে তাতে বলা হয়নি, বিদেশি কোন দেশের পারমাণবিক পোপন ডকুমেন্ট সেগুলো। এমনকি ওই দেশটি বা দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন তাও প্রকাশ করা হয়নি।
৮ই আগস্ট আকস্মিকভাবে ট্রাম্পের ওই অবকাশযাপন কেন্দ্রে অভিযান চালায় এফবিআই। তারপর থেকে বিষয়টি অব্যাহতভাবে আলোচনায় আছে। এর বিরুদ্ধে কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেছেন, তার নিরাপত্তা ভঙ্গ করেছেন এফবিআইয়ের এজেন্টরা। তবে এফবিআই তার বাড়ি থেকে যেসব ডকুমেন্ট উদ্ধার করেছেন তার মধ্যে আছে কমপক্ষে ১১,০০০ সরকারি ডকুমেন্ট ও ছবি।
জানা গেছে, উদ্ধার করা নথিপত্র এতটাই গোপনীয় যে, প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্য ছাড়া আর কারো দেখার অনুমতি নেই। অন্য দেশের পারমাণবিক শক্তির বিবরণ কেন একজন মার্কিন নাগরিকের বাসভবনে রাখা হয়েছে, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের বাসভবনটি নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য ক্লাব হিসেবেও ব্যবহৃত হয়। দেশের নিরাপত্তাসংক্রান্ত স্পর্শকাতর নথিপত্র কী করে ট্রাম্পের বাড়িতে রাখা হলো, তা নিয়েও উঠেছে প্রশ্ন। প্রসঙ্গত, প্রেসিডেন্ট ভবন থেকে বিদায় নেওয়ার সময় বেশ কিছু নথিপত্র নিজের কাছে রেখে দিয়েছিলেন ট্রাম্প। বারবার বলার পর কিছু নথিপত্র ফিরিয়ে দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, তার কাছে আর কোনো গুরুত্বপূর্ণ নথি নেই।
আলজাজিরা











