খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের কোথাও সারের সংকট নেই। সারের সংকট আছে বলে মিথ্যা তথ্য রটিয়ে একটি গোষ্ঠী আতঙ্ক সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সার নিয়ে অহেতুক অস্থিরতা তৈরি করলে কেউই রেহাই পাবে না। কৃষকরা সময় মতো সার পাচ্ছেন এবং পর্যাপ্ত পরিমান সার মজুত আছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে নওগাঁর জেলার মহাদেবপুরে প্রস্তাবিত রাইস সাইলো নির্মাণের মাটি ভরাট কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, গত বছর থেকে এবার সারের বরাদ্দ এক টনও কমেনি, কিন্তু কমেছে চাষের জমির পরিমান। এ অবস্থায় সার সংকট হওয়ার কোন সুযোগ নেই। সার নিয়ে প্যানিক সৃষ্টি করা হচ্ছে। এ কারণে যাদের এক বস্তা সার প্রয়োজন তারা একাধিক বার সার সংগ্রহের চেষ্টা করছে।
মন্ত্রী বলেন, যাদের সার প্রয়োজন নেই, তারাও ডিলারের কাছে গিয়ে দীর্ঘ লাইন ধরে একটা ঝামেলা তৈরি করে অঘটন ঘটানোর চেষ্টা করছে।











