ইরানে পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের বিরুদ্ধে পাল্টা সমাবেশ করেছেন হিজাব সমর্থকেরা।
রোববার (২৫ সেপ্টেম্বর) রাজধানী তেহরানে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। এসময় ইরানের জাতীয় পতাকা নিয়ে নানারকম স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করে মিছিলকারীরা।
আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, হিজাব সমর্থকেরা মিছিলে অংশ নিয়ে আমেরিকার মদদে বিক্ষোভের নামে দাঙ্গা সৃষ্টিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
পুলিশসহ ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করে মিছিলকারীরা বলেন, জনগণের জানমাল রক্ষা করতে নিরাপত্তা বাহিনী প্রাণপণে নিজেদের দায়িত্ব পালন করছে। দাঙ্গাকারীরা ইরানে হিজাবের বিধিনিষেধ তুলে দেওয়ার দাবি জানাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেকোনো নারীকে প্রকাশ্যে হিজাব পরতে হবে। দাঙ্গাবাজ ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মিছিলকারীরা।
উল্লেখ্য, হিজাব আইন অমান্য করার অপরাধে পুলিশের হেফাজতে মাশা আমিনি নামের এক ইরানি নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত এক সপ্তাহের সহিংস বিক্ষোভে প্রায় অর্ধশত মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।











