বিগত প্রায় ১৭ বছর ধরে বান্দরবানে আন্দোলন-সংগ্রাম, পুলিশের লাঠিচার্জ, গ্রেপ্তার ও কারাবরণের শিকার হওয়া ত্যাগী নেতাকর্মীরা পটপরিবর্তনের পরও উপেক্ষিত রয়ে গেছেন বলে ক্ষোভ বাড়ছে বিএনপির তৃণমূলে।
স্বৈরাচারবিরোধী আন্দোলনের সামনের সারিতে থাকা বান্দরবানের নেতা জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী উম্মে কুলসুম লীনা সম্প্রতি সামাজিক মাধ্যমে এ নিয়ে হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছেন।
সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে উম্মে কুলসুম লীনা লিখেছেন, সতেরো বছর যুদ্ধ করেছি আমরা সামনের সারিতে থেকে, আজ ত্যাগীরাই কোণঠাসা, হতাশায় ডুবে আছে। আমরা করেছি লড়াই, রক্ত দিয়েছি, আর পতাকা ওড়াচ্ছে স্বৈরাচারের দোসররা!
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের যথাযথ মূল্যায়ন না হওয়া এবং সুবিধাবাদীদের ভিড়ে ত্যাগীরা পেছনে পড়ে যাওয়ার অভিযোগে বিএনপির তৃণমূলে ক্ষোভ রয়েছে।











