আমেরিকার দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে।
আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের সময় তাৎক্ষণিক জরুরি ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় অনেক কর্মকর্তাই সমালোচনার মুখে পড়েছেন।
এতে বলা হয়, ক্যাটাগরি ৪ মাত্রার শক্তিশালীয় এই ঝড় স্থানীয় সময় বুধবার ফ্লোরিডা উপকূলে আঘাত হানে। এতে কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ঘুর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪৯ কিলোমিটার।
এদিকে ফ্লোরিডার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার পুয়ের্তো রিকো ও বুধবার ফ্লোরিডায় ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে দেখবেন তিনি।
উপকূলীয় লি কাউন্টির শেরিফের কার্যালয় জানিয়েছে, তারা ৪২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। অপরদিকে প্রতিবেশী বেশ কয়েকটি কাউন্টি থেকে ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে লোকজনকে সময় মতো সরিয়ে নেওয়ার বিষয়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন লি কাউন্টির কর্মকর্তারা।











