ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নির্বাচন কমিশন বর্তমান সরকারের এজেন্ডা বাস্তবায়নে ইভিএমে নির্বাচন করাতে চায়। বর্তমান নির্বাচন কমিশনও অতীতের নির্বাচন কমিশনগুলোর অনুসরণ করে সরকারের ইচ্ছা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছে। দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রবল বিরোধীতা সত্ত্বেও ইভিএম ক্রয় করছে।
তিনি বলেন, দেশে অর্থনৈতিক সঙ্কট মারাত্মক আকার ধারণ করেছে। এমতাবস্থায় দেশের বিশাল অর্থ ব্যয়ে ইভিএম ক্রয় দূরভিসন্ধি।
আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়ে তা ক্রয়ে মরিয়া হয়ে উঠছে। অবিলম্বে ইভিএম কেনার সিদ্ধান্ত বাতিল করতে হবে।










