সাতক্ষীরা সীমান্তে হাসানুর রহমান (২৫) নামে এক আরও এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)। নিহত হাসানুর রহমান সাতক্ষীরা সদর উপেজলার কুশখালী গ্রামের হায়দার আলীর ছেলে।
রবিবার (৯ অক্টোবর) ভোর ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের পিতা জানান, পার্সপোট না থাকায় তার ছেলে হাসানুর রহমান কয়েকদিন আগে সীমান্ত পার হয়ে ভারতে অত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। রবিবার ভোরে একইভাবে কয়েকজন সঙ্গীর সাথে ভারতের কৈজুরী সীমান্ত পার হয়ে দেশে ফিরছিল। পথিমধ্যে ভারতের কৈজুরী ক্যাম্পের টহল বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে হাসানুর রহমানের বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
এসময় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে সকাল সোয়া ৬টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় রেফার্ড করে। সকাল সাড়ে ৭টার দিকে খুলনা সার্জিকাল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।।
সাতক্ষীরা সদর ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি জানান, আমরা এখনো বিস্তারিত কিছু জানতে পারেনি। তবে ভোরে গুলিবিদ্ধ হয়ে হাসানুর রহমান নামে এক যুবক সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
তবে সীমান্তে গুলির ঘটনা অস্বীকার করেছে বিএসএফ। এ ব্যাপারে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। তবে এখনও তাতে সাড়া দেয়নি বিএসএফ।











